ঝিনাইদহে হত্যাকাণ্ড ও নাশকতা ঘিরে উত্তেজনা, চার দফা দাবিতে ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নাশকতার ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। এসব ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ তুলে চার দফা দাবি জানিয়েছে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হলে শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম মুখ্য সংগঠক রাসেল হুসাইনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ৭ মার্চ ঝিনাইদহে সংঘটিত তিনটি পৃথক ঘটনা—একটি হত্যাকাণ্ড, একটি ফিলিং স্টেশনে ভাঙচুর এবং একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ—জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও প্রকৃত অপরাধীদের শনাক্তে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। বরং পরিকল্পিতভাবে নিরীহ ও ভিন্নমতের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে বলে দাবি করা হয়।

সংগঠনটির নেতারা বলেন, এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও আস্থাহীনতা তৈরি করছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তারা মনে করেন, নিরপেক্ষ তদন্তের অভাবে প্রকৃত অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে।

সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—প্রথমত, সিসিটিভি ফুটেজ ও প্রাপ্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা। দ্বিতীয়ত, গ্রেপ্তারকৃত নিরীহ ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া। তৃতীয়ত, দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করা এবং চতুর্থত, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করা।

বক্তারা আরও বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলবেন। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে প্রকৃত ঘটনা উদঘাটিত হয়ে দোষীদের শাস্তি এবং নির্দোষদের মুক্তি নিশ্চিত করা যায়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *