ঝিনাইদহে ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ- অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-

পবিত্র ঈদকে সামনে রেখে ঝিনাইদহে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশন। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ পৌরসভার পবহাটি বল ফিল্ড স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। মানবিক মূল্যবোধ জাগ্রত রেখে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত সামাজিক দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায়।

ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি রাশেদুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আলমগীর হোসেন, ডা. খালিদ সাইফুল্লাহ নাইম, ডা. মনিরুল ইসলাম, অগ্রণী ব্যাংকের কেন্দ্রীয় অডিট অফিসার বাবু মিয়া এবং শিবিরের সাবেক শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে মোট ১৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেষে অতিথিরা সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *