পিরোজপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আদলে বর্তমান সরকার দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হ্রাস পাবে।পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মেজর ইসরাফ হোসাইন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

