শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ১, আহত ৩

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা একই পরিবারের নাজিফ (১২) নামে এক শিশু নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। আহত হয়েছেন অটোরিকশার চালকও।

১৬ মার্চ সোমবার দুপুরের দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

একই পরিবারের আহতরা হলেন নাজিফের মা সুমি আক্তার (৩৭), ভাই নাহিদ (৮) এবং বোন নওশিন (১৫)।

আহতদের মধ্যে সুমি আক্তার ও নাহিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং নওশিন ও অটোরিকশা চালককে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত নাজিফের বাড়ি জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায়। তাঁর পিতার নাম নজরুল ইসলাম। নজরুল ময়মনসিংহের তারাকান্দা থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ঈদ-উল-ফিতর উপলক্ষে নজরুলের স্ত্রী-সন্তানেরা ময়মনসিংহ থেকে সিএনজি চালিত অটোরিকশা করে জামালপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

দুপুরের দিকে শেরপুরের নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা নাজিফ ঘটনাস্থলেই মারা যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান অটোরিকশাটিকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *