মতলব দক্ষিণে ৪ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেফতার, পলাতক ২
মোঃ জাবেদ হোসেনঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন আসামী কৌশলে পালিয়ে যায়।
রবিবার (১৫ মার্চ ২০২৬) সকালে মতলব দক্ষিণ থানাধীন ৪নং নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপাতিয়া এলাকার মাউন্দি প্রধানিয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীব-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পলাতক আসামী সুমন প্রধানিয়ার বসতঘরে তল্লাশি চালানোর সময় ঘরের রান্নাঘরে রাখা চাউলের ড্রামের ভেতর থেকে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মর্জিনা আক্তার (২১) ও শাহনাজ আক্তার (৩০)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন প্রধানিয়া (৩৬) ও রাজিব প্রধানিয়া (২৮) পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

