মহারাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর আহম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী সগীর আহমেদ এবং কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. ওলিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজম মো. আবুবকর বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন হিসেবে আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জনগণের প্রত্যাশা পূরণ করতে ন্যায়, ইনসাফ ও কল্যাণমূলক সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
বিশেষ অতিথি মাওলানা আবু তালিব বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।##

