কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ
মোঃ জাবেদ হোসেনঃ
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে কচুয়া উপজেলার সাচার বাজারস্থ আস্ সাফা জামে মসজিদ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। একই সাথে বাজারে আগত ক্রেতা-বিক্রেতা, মুসল্লি এবং পথচারীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং সবাইকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে।
অনুষ্ঠান চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, মুসল্লি, তরুণ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

