পিরোজপুরে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুরে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার গুরুত্বপূর্ণ ৫ নম্বর ওয়ার্ডে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে প্রবীণ পার্কের পুকুর এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা পানির উৎস চিহ্নিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আক্তারুজ্জামান রাহাত।এছাড়া অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ড্রাম কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব।তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *