নকলা থানার স্টাফদের দূর্বিসহ আবাসন ব্যবস্থা নিরসনের আশ্বাস ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর।

মোঃ আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নকলা থানায় পুলিশ সদস্যদের জন্য পর্যাপ্ত পরিবেশ সম্মত আবাসন না থাকায় তাদের মানবেতর জীবন-যাপনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী।

আজ শনিবার (১৪ই মার্চ) সকালে নকলা থানায় উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের জরাজীর্ণ আবাসন ও কর্মপরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। এ সময় দায়িত্ব পালনরত অফিসার ও পুলিশ সদস্যরা জানান, থানায় পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকায় অনেককে অস্বাস্থ্যকর ও অস্থায়ী পরিবেশে থাকতে হচ্ছে। এতে তাদের দৈনন্দিন জীবনযাপন এবং দায়িত্ব পালনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী পুলিশ সদস্যদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য ন্যূনতম আবাসন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের জন্য একটি আধুনিক ও পর্যাপ্ত ব্যারাক নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, যাতে তারা স্বাভাবিক পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারেন।

এ সময় থানার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, নবাগত সংসদ সদস্যের উদ্যোগে দ্রুতই নকলা থানার পুলিশ সদস্যদের আবাসন সমস্যার সমাধান হবে।

এ সময় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার গোপ বলেন, এই থানায় পুলিশ সদস্যরা দীর্ঘদিন যাবত খুবই মানবেতর জীবন-যাপন করছে। জরাজীর্ণ ব্যারাকে, থাকার উপযোগী না হওয়া সত্ত্বেও গাঁদাগাদি করে অফিসারদের দুর্বিসহ জীবন যাপন করতে হচ্ছে। যার ফলে অফিসারদের দৈনন্দিন কাজে ব্যাপক ব্যঘাত ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *