লিফট ছাড়াই পিরোজপুর ২৫০ শয্যা’র জেলা হাসপাতাল চালুর সম্ভাব্য তারিখ জানালেন —– গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার পিরোজপুরঃ
পিরোজপুরের বহুল প্রতীক্ষিত ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতাল লিফটের কাজ সম্পন্ন না হলেও শিগগিরই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৩০ এপ্রিল থেকে ১৫ মে’র মধ্যে ধাপে ধাপে হাসপাতালের চারটি ফ্লোরে চিকিৎসাসেবা চালু করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ সোহেল মনজুর এমপি।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে পিরোজপুর জেলা হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।তিনি বলেন, পিরোজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতাল চালুর প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। হাসপাতালটির অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, তবে লিফট স্থাপনের কাজ এখনও বাকি আছে। তবুও মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লিফটের কাজ শেষ হওয়ার অপেক্ষা না করে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে চারটি ফ্লোরে ধাপে ধাপে স্বাস্থ্যসেবা চালু করা হবে। হাসপাতালটি চালু হলে পিরোজপুরের মানুষকে উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নিজাম উদ্দিন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সালাউদ্দিন কুমার তালুকদারসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।সভা শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সমন্বিতভাবে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালের সেবা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশনা দেন।

