ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও ।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বহিরাগতদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মাদকদ্রব্য সঙ্গে রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর কন্টেন্ট তৈরির দায়ে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার-উল-আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ মার্চ শিক্ষক পরিষদের এক জরুরি সভায় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র নামাজের সময় মুসল্লিরা বিদ্যালয়ের মসজিদে প্রবেশ করতে পারবেন। তবে ইফতার পার্টি, জন্মদিন বা পুনর্মিলনীর মতো যেকোনো অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সন্ধ্যা বা তারাবির নামাজের সময় কোনো কারণ ছাড়া ক্যাম্পাসে ঘোরাঘুরি বা আড্ডা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হলেন— নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ সিদ্দিকি, অষ্টম শ্রেণির মো. জাসারাদ জামি জিমাম এবং মো. মনার হোসেন।

অভিযোগের বিবরণ অনুযায়ী, জুনায়েদ সিদ্দিকিকে মাদকদ্রব্যসহ বিদ্যালয় চত্বরে অবস্থানের দায়ে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। জাসারাদ জামি জিমামের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিল’ তৈরি ও প্রচারের মাধ্যমে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মনার হোসেনের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযুক্ত শেষের দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ প্রদান করা হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই শিক্ষার্থীদের বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বিদ্যালয় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল। তারা মনে করছেন, এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত ও নিরাপদ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *