তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ–শেরপুর আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান তালুকদার (৫০)। তিনি তারাকান্দা উপজেলার বনিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে এবং বিসকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি বেপরোয়া গতির বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল মান্নান তালুকদার গুরুতর আহত হয়। এলাকার জনসাধারণ দৌড়াদৌড়ি করে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

