ভোট কারচুপির অভিযোগ, ব্যালট পেপার ও রেজাল্ট শীট হেফাজতে রাখার নির্দেশ আদালতের।
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ভোট কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ-২ আসনের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণ করে আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।
আদেশে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ-২ আসনের নির্বাচনী ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করে আদালতের নির্দেশনা অনুযায়ী হেফাজতে রাখার কথা বলা হয়েছে।
সোমবার ৯ মার্চ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহ-২ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। আসনটিতে ২৮ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।

