খুলনায় অস্ত্র-গুলির চালানসহ নারী আটক
সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনা লবনচরা থানাধীন নিজ খামার এলাকা থেকে সন্দেহ জনকভাবে তল্লাশি চালিয়ে ৫টি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ সুরাইয়া পারভিন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আটক করা হয়। লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শনিবার সকালে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশ। তিনি বলেন, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তার নিজ খামার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন নিজ খামার এলাকায় পৌঁছালে গাড়িতে তল্লাশি চালায় তারা। সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থেকে ৫টি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে লবনচরা থানায় নেওয়া হয়। আটক হওয়া সুমির নামে এর আগে মাদক মামলা রয়েছে।
এদিকে খুলনা মহানগরীতে একের পর হত্যা ও অস্ত্রের ঝনঝনানিতে নগরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। এরই মধ্যে অস্ত্রের এই বড় চালান আটকে জনমনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করেছে।

