থামছেই না কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ

ভ্রাম্যমান প্রতিনিধি:
সুদসহ পুরো টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন একীভূত উদ্যোগে থাকা ৫ ব্যাংকের কিছু আমানতকারী। ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভকারীরা দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আলটিমেটাম দেন এবং তা বাস্তবায়ন না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।

আমানতকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের ভাষ্য, এ সিদ্ধান্ত আমানতকারীদের জন্য অমানবিক ও অন্যায্য।

তারা বলেন, ‘গত ২ বছর ধরে অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। ফলে বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।’

‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। একইসঙ্গে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করা ও মেয়াদ শেষে সঞ্চয়ের অর্থ (এফডি, ডিপিএস, এমটিডিআর) চুক্তি অনুযায়ী ফেরত দেয়ার দাবি জানান।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে।

একইসঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এসব ব্যাংকের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (৩ মার্চ) গভর্নরের কার্যালয়ে পাঁচ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *