পিরোজপুরে ভ্রাম্যমান ল্যাব নিয়ে খাদ্য পরীক্ষা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার,পিরোজপুরঃ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগার নিয়ে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগারে তাৎক্ষণিক পরীক্ষা করা হয়।
অভিযান চলাকালে শহরের সুপরিচিত ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট (হুজুরের মিষ্টির দোকান) থেকে সংগ্রহ করা দুধের নমুনা পরীক্ষায় তাতে ডিটারজেন্টের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া ফুড প্যালেস নামের একটি দোকান থেকে নেওয়া জিলাপির নমুনায় ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি ধরা পড়ে। অন্য একটি দোকান থেকে সংগৃহীত গুড়ের নমুনাতেও একই ধরনের ক্ষতিকর উপাদান পাওয়া যায়।এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ডেপুটি কালেক্টর) মোঃ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসজুড়ে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *