তারাকান্দায় ইমরান ট্রেডার্সের সরিষা মিল থেকে উদ্ধার হলো মির্জাপুরের লুন্ঠিত হওয়া ৬০ ড্রামের মধ্যে ২৭ ড্রাম সয়াবিন তেল উদ্ধার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার তারাকান্দায় ইমরান ট্রেডার্সের সরিষা মিল থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ২৭ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ইমরান ট্রেডার্সের মালিক ইমরানকে টাঙ্গাইল ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
​টাঙ্গাইল ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ১১ঃ৩০টার সময় সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড়স্থ দি-শরীফ ট্রেডার্সের মালিক মো: শরীফ চট্টগ্রাম হতে আমদানিকৃত সয়াবিন তেল নিজ দোকানে নিয়ে যাওয়ার পথে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ট্রাক আটকিয়ে প্লাস্টিকের ৬০ ড্রাম ভর্তিকৃত সয়াবিন তেল ডাকাতি করে। প্রতি প্লাস্টিকের ড্রামে ১৮৫ কেজি তেল থাকে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা।

​পরে প্রাপ্ত তথ্য মতে, লুণ্ঠিত তেলের একটি অংশ ময়মনসিংহের তারাকান্দা থানা সংলগ্ন এস.আর. রোড (পুরাতন সাব-রেজিস্টার অফিসের নিকটস্থ) ইমরান ট্রেডার্সের সরিষা ভাঙ্গানোর মিলে নিয়ে যাওয়া হয় এবং ডাকাতচক্র বিক্রি করে দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার ০৫ মার্চ সকাল পৌনে ৯টার দিকে টাঙ্গাইল ডিবি পুলিশের ইন্সপেক্টর আবুল হক-এর নেতৃত্বে ০৮ আট সদস্য বিশিষ্ট একটি টিম অভিযান পরিচালনা করে ইমরান ট্রেডার্সের মিল থেকে ২৭ (সাতাশ) ড্রাম সয়াবিন তেল উদ্ধার করেন। এ সময় ইমরান ট্রেডার্সের মালিক ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইল ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *