ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয় নিয়ে নির্দেশনা জারি

বিশেষ প্রতিনিধি:
বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্ক দেখা দেওয়ায় ফিলিং স্টেশন থেকে তেল ক্রয় ও সরবরাহের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। শুক্রবার (৬ মার্চ) জ্বালানি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া ত্রিমুখী সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজধানীজুড়ে জ্বালানি সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। একই সঙ্গে অনেকেই অতিরিক্ত জ্বালানি মজুত করার চেষ্টা করছেন।

এ পরিস্থিতিতে জ্বালানি তেল সরবরাহ গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল গ্রহণের সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। একই সঙ্গে প্রতিবার জ্বালানি তেল নেওয়ার সময় পূর্ববর্তী ক্রয় রশিদ বা বিল প্রদর্শন করতে হবে।

এছাড়া ডিলাররা বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী ক্রয় রশিদ গ্রহণ করে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ করবেন। ফিলিং স্টেশনগুলোকে জ্বালানি তেলের মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডিপোতে জানিয়ে তেল উত্তোলন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, তেল বিপণন কোম্পানিগুলো ডিলারদের জ্বালানি তেল সরবরাহের আগে বর্তমান বরাদ্দ অনুযায়ী মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য পর্যালোচনা করবে। কোনো অবস্থাতেই নির্ধারিত বরাদ্দের বেশি জ্বালানি তেল সরবরাহ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *