মানবিক ডা. বশির আহমেদর ওপর বর্বরোচিত হামলায় মতলবে উত্তরে মানববন্ধন ও প্রতিবাদ

এম. পারভেজ পাটোয়ারী: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. বশির আহমেদ হৃদয়ের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ইমরুল কায়েস ও ইকবাল হোসেনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এদিকে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক বিবৃতিতে বলেন, চিকিৎসকদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজার এলাকায় ঢাকায় যাওয়ার পথে ডা. বশির আহমেদ হৃদয়ের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাটখারা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউটে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

অপরদিকে ডা. বশির আহমেদ হৃদয়ের নিজ গ্রাম ঘনিয়ারপাড়ের স্থানীয় বাসিন্দারা রবিবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে তার উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্থানীয়রা এ ধরনের সহিংসতা যেন পুনরায় ঘট না পারে তার জন্য প্রশাসনের প্রতি তৎপরতা ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই আবুল বাসার খান বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ৫১, জিআর ১২১, তারিখ ২১ ফেব্রুয়ারি। মামলায় অভিযুক্তদের মধ্যে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কালিপুর গ্রামের ইমরুল কায়েসের বোন শারমিন আক্তারের চিকিৎসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, ডা. বশির আহমেদ হৃদের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা দ্রুত এবং নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত চালাচ্ছি এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *