শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল কৃষকদল নেতার
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙলবার সকাল সাড়ে ৯টার দিকে গণপদ্দী ইউনিয়নের পূর্ব চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খোরশেদ স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে এবং গণপদ্দী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জুলেখা বেগম (৪৫), জোস্না বেগম (৩৫) ও শারমিন আক্তার (৩০) নামে ৩ জনকে আটক করেছে।
খোরশেদের জ্যাঠাত ভাই মুন্তাজ আলী (৪৫) ও এলাকাবাসি সূত্রে জানা যায় খোরশেদ ও তার ২ সহোদরা নজরুল ও বকুলের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি চাচাতো ভগ্নিপতি জুলহাস উদ্দিনের (৫৫) জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তর্কিত জমি জুলহাসের দখলে থাকলেও খোরশেদ ও তার ভাইযেরা মিলে সেটি তাদের দখলে নেওয়ার চেষ্টা করছিল।
ঘটনার তারিখ ও সময়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে জুলহাস তার স্ত্রী জুলেখা বেগম (৪৫), ছেলে জাকিরুল ইসলাম (৩৭), জাকিরুলের বউ শারমিন আক্তার (৩০), মেয়ে জোস্না বেগম (৩৫) ও জামাতা হাফিজুল ইসলামকে (৪০) নিয়ে প্রতিপক্ষ খোরশেদের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে খোরশেদকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা খোরশেদকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খোরশেদকে শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। জেলা সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে খোরশেদ মারা যায়।
নকলা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কাশেম জানান সংবাদ পেয়ে বাড়ি থেকে খোরশেদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

