রমজান ঘিরে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন পিরোজপুরে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায়– জেলা প্রশাসক
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। এছাড়া ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিতবাজার মনিটরিং জোরদার করা হবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক করা হবে এবং পাইকারি ব্যবসায়ীদের পাকা রসিদ ছাড়া কোনো পণ্য ক্রয়-বিক্রয় না করার বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ভেজাল খাদ্য বা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। প্রতিটি উপজেলায় একটি করে মনিটরিং টিম গঠন করা হবে এবং এসব টিম সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের কার্যক্রমের নিয়মিত প্রতিবেদন দেবে।
জেলা প্রশাসক জানান, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। নির্দেশনা অমান্য করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।পাশাপাশি বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে সবাইকে মানবিক আচরণ করতে হবে। এসময় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিকে মসজিদে মসজিদে খাদ্যে ভেজাল ও অতিরিক্ত মূল্য গ্রহণের কুফল সম্পর্কে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানান তিনি।সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতারা বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

