আমার লোক পরিচয়ে কেউ অবৈধ সুবিধা নিতে চাইলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন — মাসুদ সাঈদী (এমপি)

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর–১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী এমপি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক এবং সদর থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ সাঈদী বলেন, পিরোজপুর পৌরসভা একটি সম্ভাবনাময় মডেল পৌরসভা হলেও বিগত সময়ে এর সেবা থেকে অনেক মানুষ বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, পিরোজপুর পৌরসভাকে একটি সুন্দর ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। পাশাপাশি তিনি পিরোজপুরকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে চান। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে বলেন, তার পরিচয় ব্যবহার করে যদি কেউ অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে অবহিত করার জন্য অনুরোধ জানান। এমন ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এছাড়া তিনি বলেন, তারা বিরোধী দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করলেও দেশের উন্নয়ন ও জনকল্যাণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চান।সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *