পিরোজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার,পিরোজপুরঃ
শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ-মিজান সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস কোনো ব্যক্তি বা দলের নয়—এটি সমগ্র বাঙালি জাতির গৌরবের দিন। ভাষা শহিদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি আসন্ন মাহে রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়টি কঠোরভাবে তদারকির জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।পুলিশ সুপার তার বক্তব্যে ভাষা আন্দোলনের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষা শহিদদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার সম্মান অক্ষুণ্ণ রেখে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে হবে এবং তা ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *