ভাষা শহিদদের প্রতি চাঁদপুর জেলা পুলিশের গভীর শ্রদ্ধা
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও দেশাত্মবোধের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। এ সময় তিনি ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ খায়রুল কবীরসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় শহিদ মিনার প্রাঙ্গণে এক শোকাবহ ও মর্যাদাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয়, অধিকার ও স্বাধীনতার সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় শহিদদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে, যা বাংলা ভাষা ও সংস্কৃতির গৌরবকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে।
চাঁদপুর জেলা পুলিশ এ উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ছাড়াও দায়িত্বশীলতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। দিবসটির তাৎপর্য তুলে ধরে কর্মকর্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।
মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চাঁদপুর জেলা পুলিশের সদস্যরা ভবিষ্যতেও দেশের কল্যাণে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

