পিরোজপুরে বিএনপির নেতার ওপর দুর্বৃত্তদের হামলা, আহত- ২
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর এক নেতাসহ দুইজন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন,পিরোজপুর বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির এবং তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।
আহত মহিউদ্দিন মল্লিক নাসির পিরোজপুর-১ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের পুত্র।অন্যদিকে আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।
আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রোববার রাত ১১টার দিকে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

