জনগণের সেবায় আমৃত্যু পাশে থাকার অঙ্গীকার মিজানুর রহমানের

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও |

ঠাকুরগাঁও-০৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের নির্বাচনের ফলাফল পরবর্তী এক প্রতিক্রিয়ায় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান। নির্বাচনে তিনি ৯১,৯৩৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

এক আবেগঘন বার্তায় তিনি জানান, পীরগঞ্জ ও রাণীশংকৈলবাসীর ভালোবাসায় তিনি সিক্ত। জনগণের সেবা করাকেই জীবনের মূল ধর্ম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জীবনের দীর্ঘ সময় লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই পার করেছি। আপনাদের পাশে থেকেই জীবনের বাকি সময়টুকু কাটাতে চাই।

জাতীয় রাজনীতি নিয়ে উদ্বেগ
জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় সংসদে মিয়া গোলাম পারওয়ার, আল্লামা মামুনুল হক, এবং নাসিরুদ্দিন পাটোয়ারী-সারজিসদের মতো নেতৃত্বের খুব প্রয়োজন ছিল। তাঁদের অনুপস্থিতি দেশ ও রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে তিনি মনে করেন।

কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনা
নির্বাচনে বিজয়ী হতে না পারায় কর্মীদের প্রত্যাশা পূরণ করতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন মিজানুর রহমান। তিনি বলেন, এই বয়সেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার কোনো ত্রুটি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধারণ মানুষ ও কর্মীরা যেভাবে ঝুঁকি নিয়ে আমার জন্য কাজ করেছেন, সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।

মানুষের অধিকার আদায়ের অঙ্গীকার
পরাজয়ে দমে না গিয়ে বরং দ্বিগুণ উৎসাহে মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। মিজানুর রহমান দৃঢ় কণ্ঠে বলেন, “আমার বিশেষ কোনো যোগ্যতা নেই, তবে মানুষের পাশে থাকতে আমি অভ্যস্ত। যতদিন নিঃশ্বাস আছে, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাকে পাওয়া যাবে। কোনো বিপদই আমার পথচলাকে থামাতে পারবে না।

বার্তাটির শেষে তিনি আখিরাতের আদালতে জয়ী হওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং জনগণের কল্যাণে তাঁর পথচলা হাসিমুখে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *