গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে নিরঞ্জন চন্দ্র রায়ের পুত্র অমিতাভ চন্দ্র সুজন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী (মহুরি) হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন অমিতাভ চন্দ্র। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাড়ির ফটক দিয়ে ভেতরে ঢুকে তাঁকে এলোপাতাড়ি গায়ে ও মাথায় কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি মা–বাবা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।

অমিতাভ চন্দ্রের ভাই সুধান চন্দ্র রায় অভিযোগ করেন, জমি নিয়ে তিন-চার বছর ধরে স্থানীয় নরেশ চন্দ্র নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ ছিল। সম্প্রতি নরেশ তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন। তাঁদের ধারণা, পূর্ববিরোধের জেরে নরেশ পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে কুড়াল দিয়ে অমিতাভের মাথায় আঘাত করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং একটি কুড়াল উদ্ধার করে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *