জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী টাকাসহ আটক ভ্রাম্যমান আদালতে ১মাসের জেল ও জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মাদারগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকার এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় কাপ-পিরিচ প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে এমন তথ্য পেয়ে সন্দেহজনক তিনজনকে দেখে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে টাকা বিতরণের প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয়রা। পরে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

আটক ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (পিতা: জালাল উদ্দীন আকন্দ, মাতা: খুদেজা বেগম), একই উপজেলার চরসগুনা গ্রামের মো. জহুরুল ইসলাম (৬৫) (পিতা: আব্দুস আজিজ, মাতা: জবেদা বেগম) এবং মেহেদী হাসান (পিতা: হারুনুর রশীদ)।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা বাড়িটিতে গিয়ে দেখতে পান আটক ব্যক্তিরা ভোটারদের টাকা দিচ্ছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে।

খবর পেয়ে মাদারগঞ্জ সেনা ক্যাম্পের সদস্য এবং মাদারগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

পরে বকশিগঞ্জের সিভিল জজ আরিফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক তিনজনকে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *