পিরোজপুরে”ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে পুলিশ সুপারের ব্রিফিং

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে একটি কেন্দ্রীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
ব্রিফিংকালে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা।
এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, রিজার্ভ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন ইউনিট এবং নির্বাচন ডিউটিতে আগত অন্যান্য ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *