পিরোজপুরে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী জনসভায় জনস্রোত সংসদে গেলে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে — অধ্যক্ষ আলমগীর হোসেন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টঃ
পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শেষ নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় জনসভাস্থল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা সভাস্থলে আসতে শুরু করেন। জনসভা শুরু হলে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি বরদাশত করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই আজ লাল-সবুজ পতাকাকে আঁকড়ে ধরতে চায়। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, নির্বাচিত হলে এবং জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে পিরোজপুর-১ আসনের নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। কারও কোনো কষ্ট বা অভিমান থাকলে তা ভুলে গিয়ে পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।বিশেষভাবে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশে তিনি বলেন, ঘর থেকে বের হয়ে এসে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করুন। পাশাপাশি যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। আমার বক্তব্য ছিল কিছু ব্যক্তির অপকর্মের বিরুদ্ধে। আপনারা যে দলই করুন, আমাদের প্রতি কোনো অভিমান থাকলে আজ তা ভুলে যান। আমি সবসময় আপনাদের পাশে থাকব।
বর্তমান সরকার সম্পর্কে তিনি বলেন, এটি কোনো একক দলের সরকার নয়; এটি একটি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হবে।জনসভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির নেতা গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, শেখ হাসানুল কবির লিন, শেখ রিয়াজ উদ্দিন রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *