ঝিনাইদহে পৌর কর্মচারীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ইমামকে হুমকির অভিযোগ ঝিনাইদহে জামায়াত প্রার্থীর লিখিত আবেদন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর ঝিনাইদহের পৌর এক কর্মচারীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শারীরিক আঘাতের চেষ্টা এবং ধর্মীয় উপাসনায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন।
রোববার (৭ ফেব্রুয়ারি ২০২৬) ঝিনাইদহ পৌরসভার প্রশাসকের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ঝিনাইদহ পৌরসভায় কর্মরত কর নির্ধারক মো. আব্দুর রহমান রিগন (৫৫) গত শনিবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ চলাকালে খাজুরা জর্দারপাড়া আল-মদিনা জামে মসজিদে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন।
অভিযোগে বলা হয়, জুমার খুতবার সময় খতিব মো. সাইফুল ইসলাম কোরআন-হাদিসের আলোকে সৎ ও যোগ্য ব্যক্তিকে সমর্থনের বিষয়ে আলোচনা করলে অভিযুক্ত ব্যক্তি ক্ষুব্ধ হয়ে খতিবের ব্যবহৃত মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে আক্রমণের উদ্দেশ্যে তেড়ে যান। এ সময় উপস্থিত মুসল্লিরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি খতিবকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার পর থেকে খতিব মো. সাইফুল ইসলাম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার ওপর পুনরায় হামলার আশঙ্কা রয়েছে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন বলেও অভিযোগে দাবি করা হয়।
এ বিষয়ে জামায়াত প্রার্থী আলী আজম মো. আবু বকর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত পৌর কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।##

