কোটচাঁদপুরে হোমিও চেম্বারে মাদকের রমরমা কারবার! ১৭৪ বোতল অ্যালকোহলসহ আটক
মশিউর রহমান ঃ
সারাদেশে যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলছে, ঠিক তখনই ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘হোমিও হলের’ আড়ালে পাওয়া গেল বিপুল পরিমাণ বিদেশি কায়দার অ্যালকোহল। আজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন তালসার রোডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ঝটিকা অভিযানে ধরা পড়ে এই বিশাল চালান।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা। তিনিসহ বাহিনীর চৌকস দল ‘সোনালী হোমিও হল’ এর চেম্বারে প্রবেশ করতেই বেরিয়ে আসে থলের বিড়াল। একটি বড় কার্টন থেকে উদ্ধার করা হয় ১৭৪ বোতল অ্যালকোহল, যার প্রতিটিতে ১০০ মিলি করে তরল মাদক ছিল। উদ্ধারকৃত এই মরণনেশার বাজারমূল্য প্রায় ৫২ হাজার টাকা।
ঘটনাস্তল থেকেই আটক করা হয়েছে চেম্বারের মালিক মোঃ আমিরুল ইসলাম (৫৯)-কে। স্থানীয়রা জানান, সেবার আড়ালে দীর্ঘদিন ধরেই এখানে মাদকের কারবার চলছিল বলে গুঞ্জন ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিরুল স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যেই এই বিশাল মজুত গড়ে তোলা হয়েছিল।
গ্রেপ্তারকৃত আসামিকে বর্তমানে কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা (মামলা নং-০১) রুজু করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ বলেন “মাদকের শিকড় উপড়ে ফেলতে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

