ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে স্বাগত র‍্যালি

জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে স্বাগত র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের আয়োজনে এ স্বাগত র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শিবিরের ঠাকুরগাঁও শহর শাখা কমিটির সভাপতি মাহামুদুল ইসলামের নেতৃত্বে র‍্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা মাথায় জাতীয় পতাকা ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। র‍্যালিটি চৌরাস্তায় পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক সোহেল রানা। তিনি বলেন, প্রতিষ্ঠার ৪৯ বছরে পদার্পণ করে ছাত্রশিবির আজ বাংলাদেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। শত জুলুম ও নির্যাতনের পাহাড় পাড়ি দিয়ে ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে আজ ছাত্রশিবির এক অপরাজেয় কাফেলায় পরিণত হয়েছে। আমরা একটি সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। একইসঙ্গে সকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রশিবিরের আপসহীন সংগ্রাম অতীতের ন্যায় আগামীতেও জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, এই শাহবাগ থেকেই ছাত্রশিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ও দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামানকে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ভারতীয় আধিপত্যবাদের ছকে শাহবাগে মব সৃষ্টি করে ভুয়া বিচারের মাধ্যমে শহীদ করেছিল। সময়ের পরিক্রমায় সেই খুনি ও জালিম শক্তিকে পরাজিত করে ছাত্রশিবির আজ সেই একই শাহবাগে সগৌরবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। সত্যের এই পুনরুত্থান প্রমাণ করে যে, জুলুম করে আদর্শকে স্তব্ধ করা যায় না, বরং শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েই এই কাফেলা আজ আরও বেশি শক্তিশালী ও সংহত। আমরা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি।

সমাবেশে শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদির আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের হত্যার যথাযথ বিচার দাবি করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কমিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রাজুসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *