স্বাধীনতাবিরোধীদের কোন ভিত্তি নেই, অস্তিত্ব নেই -নকলায় ফাহিম চৌধুরী
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন স্বাধীনতাবিরোধী কোন জাতি, গোষ্ঠী বা সংগঠন যেন রাষ্ট্র্রক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ তাদের কোন ভিত্তি নেই, কোন অস্তিত্ব নেই, দেশপ্রেম নেই। আমরা যেন তাদের বিরুদ্ধে সোচ্চার থাকি, সজাগ থাকি।
ফাহিম চৌধুরী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নকলা পৌরশহরে নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ওই মতবিনিময় সভার আয়োজন করে।
তিনি বলেন একটি স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র্র গঠনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা যে কতটুকু অপরিহার্য ছিল তা অনস্বীকার্য। মুক্তিযুদ্ধ যদি না হত তাহলে স্বাধীন দেশে আমার জন্ম হতনা, আপনাদের মত গুণীজনদের সামনে এসে কথা বলতে পারতামনা। আমরা আপনাদের সম্মান করি। চিরদিন সম্মান করে যাব।
ফাহিম চৌধুরী বলেন আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। পুরো নকলা-নালিতাবাড়ীবাসি আজ আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায়। আপনারা যদি আমাকে সমর্থন দেন, ভোট দেন তাহলে সবাই আমাকে সমর্থন দিবে, ভোট দিবে। আপনারা আমাকে একটা সুযোগ দেন আমি আপনাদের পাশে থাকব, নকলা-নালিতাবাড়ীর উন্নয়ন করব।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, সাবেক সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন সাইদী প্রমুখ।

