জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরসহ তিন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন নিয়ে জামালপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে শহরের বিজিবি ক্যাম্পে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে: কর্নেল হাসানুর রহমান এ সময় বক্তব্য রাখেন। তিনি সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সদস্যরা আগামী ৮ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ২১টি উপজেলার ১৪টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে। ২১টি উপজেলার ২১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে এসব এলাকায় মোট ৪৩ প্লাটুনে ৯ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জামালপুরের ৫টি সংসদীয় আসনে ১৬ প্লাটুন, কুড়িগ্রামের ১টি সংসদীয় আসনে ৮ প্লাটুন ও টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ১৯ প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় সেনাবাহিনীর পরিবর্তে এককভাবে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তবে চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ নজরদারী রাখা হবে বলে জানান ৩৫ বিজিবির অধিনায়ক লে: কর্নেল হাসানুর রহমান। তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিয়মিত রেকি ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। ভোটাররা যাতে নিরাপদে, নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য আমরা কাজ করছি। ভয়ভীতি প্রদর্শন, মারমারি, সহিংসতা, জোর করে ব্যালটে সীল মারা, ব্যালট পেপার বা ব্যালট বাক্স ছিনতাই রোধে সর্বোচ্চ সর্তকর্তা নেয়া হয়েছে। এছাড়াও যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। প্রেস ব্রিফিংয়ে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লে: কর্নেল হাসানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *