পিরোজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নেছারাবাদ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান তিনি বলেন,নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন ও বিধিমালা মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম তিনি বলেন,নির্বাচন ও গণভোট চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বলেন,ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের মাধ্যমেই একটি স্বচ্ছ নির্বাচন সম্ভব।
পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,নির্বাচনকালে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মান্নান বলেন,প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিরপেক্ষতা ও সততা নির্বাচন ব্যবস্থার মূল ভিত্তি। সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও গণভোট সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের করণীয়, আইনগত বিষয় এবং বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *