পিরোজপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে চার মাদক কারবারি আটক

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা ও তিনটি মোবাইল কোর্ট মামলা দায়ের করে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পিরোজপুর সদর থানাধীন ঝাটকাঠি গ্রামের কে এম সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ মাকসুদুর রহমান খান-এর নিজ দখলীয় বসতঘর থেকে ৪৭৮ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে, সদর উপজেলার পূর্ব শিকারপুর বৈদ্যপাড়ার একটি বাসা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে ১৮ পিস মাদক ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন পিরোজপুর সদর উপজেলার পূর্ব চুঙ্গাপাশা গ্রামের রত্তন মিয়ার পুত্র
ইমরান (৩৬), পূর্ব শিকারপুর ( বৈদ্যপাড়া) এলাকার শাহ আলমের পুত্র মোঃ নূর ইসলাম (২৮),ও কুমারখালি গ্রামের মোঃ জলিল কাজীর পুত্র মোঃ টিপু কাজী (৩৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পাপন সেন প্রসিকিউশন দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন আসামিত্রয়কে প্রত্যেককে ২৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া পিরোজপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইশরাক রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *