পিরোজপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মাঠ পর্যায়ের কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
:গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পিরোজপুরে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মচারীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু সাঈদ। তিনি বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে জনগণের মতামতই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা রাখে। এ প্রক্রিয়ায় মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলাউদ্দিন ভূঞা জনী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক তুহিন কান্তি ঘোষ,
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, সহকারী কমিশনার (নেজারত শাখা) মোঃ জাকির হোসেন। বক্তারা গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীরা নিজেদের সচেতনতার পাশাপাশি সাধারণ ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সমাবেশে উপস্থিত বিভিন্ন দপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারীরা নিজ নিজ অবস্থান থেকে গণভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *