নির্বাচন ঘিরে ঝিনাইদহ ও মাগুরায় মোতায়েন হচ্ছে ১৫ প্লাটুন বিজিবি
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ ও মাগুরা জেলার ছয়টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনের সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে অবস্থিত ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
ব্যাটেলিয়ন অধিনায়ক জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান এবং মানবপাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে সীমান্ত নিরাপত্তা জোরদার, পুশইন প্রতিরোধ এবং ভোটগ্রহণ সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৯ জানুয়ারি থেকে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন কার্যক্রম শুরু হবে। দুই জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।
এছাড়া নির্বাচন উপলক্ষে দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।##

