চাঁদপুরে মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে মতলব উত্তর থানা ও মতলব দক্ষিণ থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) তিনি মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানায় বার্ষিক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পুলিশ সুপার মোঃ রবিউল হাসান থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবার মান আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও কর্মপরিবেশ সংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন। তিনি তাদের ন্যায্য দাবিসমূহ বিধি মোতাবেক সমাধানের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, মামলা সংক্রান্ত নথিপত্র, সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ রেজিস্টারসহ অন্যান্য প্রশাসনিক কাগজপত্র পর্যালোচনা করেন। তিনি এসব নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখার নির্দেশ দেন এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি থানার অবকাঠামোগত অবস্থা, মালখানা, হাজতখানা, অস্ত্রাগার ও সেবাগ্রহণকারীদের জন্য নির্ধারিত সেবা কেন্দ্র পরিদর্শন করেন এবং সেবাপ্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর; মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ; মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জসহ উভয় থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
পুলিশ সুপার বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *