পিরোজপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে আসন্ন গণভোটের প্রচার কার্যক্রম জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার। তিনি গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং অংশগ্রহণমূলক ভোটপ্রক্রিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণভোট নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান এবং জেলা তথ্য অফিসারের কার্যালয়ের উপ পরিচালক পরীক্ষিত চৌধুরী। তারা গণভোটে আইনশৃঙ্খলা রক্ষা, নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা এবং ভোটার উপস্থিতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়াও জেলার সকল উপজেলার নির্বাহী অফিসার, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ সমাবেশে উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ গণভোটকে আরও অংশগ্রহণমূলক ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

