পিরোজপুর জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার:
রবিবার (১৮ জানুয়ারি) পিরোজপুর জেলা পুলিশের ডিসেম্বর/২০২৫ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রবণতার চিত্র পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান।
সভায় পুলিশ সুপার মামলার তদন্তের গুণগত মান বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও রহস্য উদ্ঘাটনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, কিশোরগ্যাং প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সাধারণ জনগণ যেন কোনো হয়রানি ছাড়াই দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে নিয়মিত বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
সভা শেষে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

