‘হ্যাঁ-না’ ভোটের প্রচার নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ
সেখ রাসেল দপ্তর সম্পাদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘হ্যাঁ-না’ ভোটের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। সংর্ঘষের ঘটনায় জামায়াতের ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এলাঙ্গী বাজারে জামায়াত নেতাকর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির একদল নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এতে ৫ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আইয়ুব আলী, কর্মী মাসুদ রানা, জিয়াউর রহমান, জিয়াউর রহমান ঠান্ডু, আবু বক্কার, সামিউল ইসলাম ও রবিউল ইসলাম আহত
হন। গুরুতর আহত সামিউল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। জামায়াতের সেক্রেটারি আব্দুল করিমের অভিযোগ, নির্বাচনকে ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী। তাঁর দাবি, নির্বাচনী প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে কেবল কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে; মারধরের অভিযোগ সঠিক নয়।

