রাজবাড়ীর সাবেক যুবদল সভাপতি পাম্পকর্মীকে ‘গাড়িচাপায় হত্যা’

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর সাবেক যুবদল সভাপতি পাম্পকর্মীকে ‘গাড়িচাপায় হত্যা’ সিসিটিভির ভিডিওর ভিত্তিতে পুলিশ বলছে, তেলের টাকা না দিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে দাঁড়ালে পাম্পের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। নিহত ব্যক্তির নাম রিপন সাহা (৩২)। তিনি গোয়ালন্দ মোড় এলাকায় ‘করিম ফিলিং স্টেশনে’ কাজ করতেন। শুক্রবার ভো‌রে ওই ফিলিং স্টেশনের সামনে গাড়িচাপা দেওয়া হয় তাকে।
পেট্রোল পাম্পের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। প্রথমে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও পরে সিসি ক্যামেরার ভিডিওতে চাপা দেওয়ার পুরো দৃশ্য দেখা যায় বলে দাবি পুলিশের। রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলছেন, “এটা দুর্ঘটনা না, আমরা হত্যার অভিযোগে মামলা নেব। তারা তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় পাম্পকর্মী সামনে দাঁড়ায়। তখন তাকে চাপা দিয়ে পালিয়ে যায় তারা।” যুবদলের সাবেক নেতা সুজন প্রথম শ্রেণির একজন ঠিকাদার।

ওসি বলেন, “এ ঘটনায় সুজন ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে সুজনের কালো রঙের টয়োটা ক্লুগার (এসইউভি) গাড়িটিও।” ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিল জানতে চাইলে ওসি বলেন, “সেটা আমরা তদন্ত করে দেখব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *