পিরোজপুরে মাদক বহনকারী যুবককে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও বহনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে গাঁজা সেবন ও ১০০ গ্রাম গাঁজা সংরক্ষণের অপরাধে হাতেনাতে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সদর উপজেলার কুমিরমাড়া গ্রামের মোঃ ছিদ্দিক মিনা’র পুত্র মোঃ সিরাজুল মিনা (৩৮)।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই একটি মামলা রুজু করে অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা কার্যকরের জন্য জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

