মনোনয়নপত্র জমা দিতে পারলেন এবি পার্টির মনোনীত প্রার্থী আবদুল্লাহ বাদশা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : অবশেষে মনোনয়নপত্র জমা দিতে পারলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। ১৪ জানুয়ারি (বুধবার) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র ৫ মিনিট দেরি করে যাওয়ার কারণে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। মনোনয়নপত্র জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কাঁদতে শুরু করে দেন এবি পার্টি মনোনীত সেই প্রার্থী।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে হাইকোর্টে রিট করে বুধবার বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আবদুল্লাহ বাদশা।

