নাটোরে ইয়াবাসহ যুবক আটক রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও ধারালো চাকু জব্দ
আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার :
নাটোর সদর থানাধীন নাটোর পৌরসভার উত্তর পটুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে নেশাজাতীয় মাদক, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে নাটোর পৌরসভার উত্তর পটুয়াপাড়া এলাকার উলুপুর আমহাটি শাহিন বিশ্বাসের মুদি দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আশিক সিকদার (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
আটক আশিক সিকদার উত্তর পটুয়াপাড়া ০২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সোহরাব সিকদার। এ সময় তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৯ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (যার কোনো রেজিস্ট্রেশন নেই) এবং একটি ধারালো চাকুও জব্দ করা হয়।
উদ্ধারকৃত সকল আলামত ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তার দেওয়া তথ্যে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নাটোর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের নিয়মিত ও জোরালো অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

