জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত, কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ না করার আহ্বান

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের দিকে হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে, জামায়াতের নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবো কি না, তা জানা যাবে আজ দুপুর ৩টায় ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠকের পর। এই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই দলটির পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে, এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ।

সবাইকে দায়িত্বশীল আচরণের পাশাপাশি কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ আহ্বান জানান তিনি। জামায়াত আমির লেখেন, ‘বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।’ সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।’ সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করে ডা: শফিকুর রহমান বলেন, ‘আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *