পিরোজপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ে নিরাপত্তা তদারকি এবং মতবিনিময় কার্যক্রম পরিচালনা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জেলার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম বলেন,
“নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে পুলিশের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ। পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যেন জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা গুজব কঠোরভাবে প্রতিহত করতে পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত সকল কর্মকর্তাকে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

