সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর প্রশ্ন-উত্তরপত্র ফাঁস: র্যাব-৫ এর হাতে গ্রেফতার আনোয়ার
সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
আলোচিত সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত অন্যতম আসামি আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আনোয়ার দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত থেকে প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল মাধ্যমে উত্তরপত্র সরবরাহ এবং পরীক্ষার্থীদের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা করে আসছিল। সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চক্রটি সক্রিয় হয়ে ওঠে এবং পরীক্ষার আগে প্রশ্ন ও উত্তরপত্র ফাঁস করে বিপুল অর্থ হাতিয়ে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত, ডিজিটাল ডিভাইস ও প্রশ্নফাঁস সংক্রান্ত তথ্য উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আনোয়ারকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

